যমুনার ভাঙনে সড়কে ধস

ঢাকা-তারাকান্দী মহাসড়কে যান চলাচল বন্ধ

Printed Edition

ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর তীব্রভাঙনে ঢাকা-তারাকান্দী আঞ্চলিক মহাসড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে ওই সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে চলাচল করতে হয় বিধায় যাত্রী ও পরিবহনচালকদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সাথে নদীভাঙনের আতঙ্কে রয়েছেন তীরবর্তী এলাকার মানুষ।

স্থানীয়দের ভাষ্য, প্রায় এক মাস ধরে শাখারিয়া-নলিন এলাকায় যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। গত রোববার দুপুরে শাখারিয়া এলাকায় মহাসড়কের প্রায় ২৫ মিটার অংশ নদীতে ভেঙে পড়তে শুরু করলে প্রশাসন নিরাপত্তার স্বার্থে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরুতেই কার্যকর ভাঙনরোধী ব্যবস্থা নেয়া হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সড়কটির আরো বড় অংশ নদীতে বিলীন হতে পারে। এতে যোগাযোগব্যবস্থা আরো মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি হাজারো পরিবার ক্ষতির মুখে পড়বে।