ক্রীড়া ডেস্ক
আগামী বছরের এশিয়ান কাপ জয়ের লক্ষ্য নিয়ে জাপান জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আরো কিছুদিন দায়িত্ব পালন করবেন হাজিমে মোরিয়াসু। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) তার চুক্তির মেয়াদ এশিয়ান কাপ শেষ হওয়া পর্যন্ত বাড়িয়েছে। এরপর জাতীয় দলের দায়িত্ব নেবেন অনূর্ধ্ব-২১ দলের কোচ গো ওইওয়া।
২০১৮ সাল থেকে জাপানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৫৭ বছর বয়সী মোরিয়াসু। আগামী ফেব্রুয়ারিতে এশিয়ান কাপ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব ছাড়বেন। এরপর ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু করবেন নতুন কোচ গো ওইওয়া।
শুক্রবার সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, তার পুরো মনোযোগ এখন এশিয়ান কাপ জয়ের দিকে।
তিনি বলেন, ‘চার বছর, দুই বছর, এক বছর কিংবা ছয় মাস, সময় যতই হোক, আমার লক্ষ্য একই থাকবে। ২০৫০ সালের মধ্যে জাপানকে বিশ্বকাপ জয়ী করার স্বপ্ন বাস্তবায়নের পথেই আমরা এগিয়ে যেতে চাই।’
তিনি আরো বলেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে ভারসাম্য রেখে এমন একটি দল গঠন করতে চান, যা এশিয়ান কাপ জয়ের পাশাপাশি জাপানের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নেও ভূমিকা রাখবে।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপে মোরিয়াসুর অধীনে শেষ ৩২-এ উঠেছিল জাপান। তবে অতিরিক্ত সময়ে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। এর আগে ২০১৯ সালের এশিয়ান কাপে জাপানকে ফাইনালে তুললেও কাতারের কাছে হেরে শিরোপা জিততে পারেননি মোরিয়াসু। আর ২০২৩ সালের আসরে চারবারের চ্যাম্পিয়ন জাপান কোয়ার্টার-ফাইনালে ইরানের কাছে হেরে বিদায় নেয়।
আগামী ১১ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘এফ’-এ এশিয়ান কাপ অভিযান শুরু করবে জাপান।
মোরিয়াসু জানান, জাতীয় দল গঠনের ক্ষেত্রে তিনি গো ওইওয়ার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। তবে এশিয়ান কাপ চলাকালে দল নির্বাচন ও কৌশলগত সব সিদ্ধান্ত তারই হবে এবং এর সম্পূর্ণ দায়িত্বও তিনি নেবেন।



