বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

জলাশয় সংরক্ষণ করুন ও ভূগর্ভস্থ পানির সঙ্কট রোধ করুন

Printed Edition

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা এবং লবণাক্ততার প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে খাল, বিল, নদী, পুকুর ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় জলবায়ু সহনশীলতা গড়ে তোলার অন্যতম প্রধান প্রাকৃতিক অবলম্বন। কিন্তু অবৈধ দখল ও ভরাটের কারণে মুক্ত জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বৃষ্টির পানি ধারণ ও সংরক্ষণের সক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে। ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বাড়ছে এবং কৃষিসেচ ও শিল্প প্রতিষ্ঠানের চাহিদা পূরণে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাপক হারে গভীর নলকূপ স্থাপন করায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে।

বক্তারা দাবি করেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে সব প্রাকৃতিক ও মুক্ত জলাশয় দখলমুক্ত করতে হবে এবং অবৈধ দখল ও ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সাথে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাধার পুনরুজ্জীবন এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নদী, খাল, সরকারি পুকুর, দীঘি ও অন্যান্য মুক্ত জলাশয় পুনরুদ্ধার ও সংরক্ষণে একটি সমন্বিত জাতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ শুধু পরিবেশগত প্রয়োজন নয়, বরং টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার অপরিহার্য শর্ত।

ভোলা জেলা প্রেস ক্লাবের সামনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কোস্ট ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবিগুলো তুলে ধরেন। মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধি, নারী নেত্রীবৃন্দ, সাংবাদিক, ছাত্র ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কোস্ট-ফাউন্ডেশনের হেড-ক্লাইমেট চেঞ্জ এম এ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি, নেয়ামত উল্ল্যাহ, নারী নেত্রী নুরজাহান নিলা, আইনজীবী কামাল উদ্দিন সুলতান, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি হারুনুর-রশীদ শিমুল, আমরা ভোলাবাসী-এর সদস্য সচিব মীর মোশারফ হোসেন ও কোস্ট জলবায়ু সক্ষমতা প্রকল্পের রাজীব ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি।