ইসলামপুর সরকারি কলেজে বিএনপি নেতাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

Printed Edition

খাদেমুল বাবুল জামালপুর

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে জ্যেষ্ঠতা উপেক্ষা করে উপজেলা বিএনপির এক পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৮ মে জারি করা এক আদেশের ভিত্তিতে ১৯ মে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ভূগোল বিভাগের প্রভাষক মোহাম্মদ নূরে আলম মনি। কলেজ সূত্রের দাবি, তিনি জ্যেষ্ঠতার তালিকায় অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও দায়িত্ব পেয়েছেন। একই সাথে তিনি ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

অভিযোগ রয়েছে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দলের পদধারী কোনো শিক্ষককে এ ধরনের দায়িত্ব দেয়া এবং জ্যেষ্ঠতার বিধান উপেক্ষা করা নিয়মবহির্ভূত। কলেজের কয়েকজন শিক্ষক বলেন, জ্যেষ্ঠ শিক্ষকদের মতামত ছাড়াই এ নিয়োগ দেয়া হয়েছে। কলেজের নন-ক্যাডার শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী, ২৪ জন প্রভাষকের মধ্যে নূরে আলম মনির অবস্থান ১৩ নম্বরে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জ্যেষ্ঠতার ক্রম নিয়ে ব্যাখ্যা চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়। পরে কলেজ কর্তৃপক্ষের কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়। এদিকে জ্যেষ্ঠতার তালিকায় থাকা কয়েকজন শিক্ষক দাবি করেন, তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব না নেয়ার কোনো অনাপত্তিপত্রে স্বাক্ষর করেননি।

তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন নূরে আলম মনি। তার দাবি, আইন ও বিধি মেনেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি নিজেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত নন বলেও জানান। অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, নূরে আলম মনি উপজেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. আহাম্মদ আলী বলেন, তিনি নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ প্রভাষক মো: রুকন উদ্দিনের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। পরে কিভাবে নতুন নিয়োগ দেয়া হয়েছে, সে বিষয়ে অবগত নন।