ইউরোপের নিরাপত্তায় আগামী ছয় মাস হবে নির্ণায়ক : পোল্যান্ড

Printed Edition

রয়টার্স

রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইউরোপীয় নিরাপত্তার জন্য আগামী ছয় মাস নির্ণায়ক হতে পারে বলে সতর্ক করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে আলোচনার পর তিনি ইউক্রেনের জন্য আরো বেশি আকাশ প্রতিরক্ষা সহায়তার ওপর জোর দেন। শনিবার তিনি এই সতর্কতা উচ্চারণ করে ইউরোপীয় ন্যাটো সদস্যদের বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ডোনাল্ড টাস্ক লেখেন, ‘আমার সতর্কতা অনুযায়ী, রাশিয়ার দিক থেকে উত্তেজনা বাড়ছে।’ তিনি আরো লেখেন, ‘ইউক্রেনের আকাশে আরো বেশি সহায়তা প্রয়োজন, যা আমাদের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ এবং এটি সমগ্র ইউরোপের দায়িত্ব।’ আগামী ছয় মাসকে নির্ণায়ক উল্লেখ করে পোলিশ প্রধানমন্ত্রী জানান, পোল্যান্ড ও ন্যাটোভুক্ত অন্য দেশগুলোকে সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে রাশিয়ার উসকানির আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে শুক্রবার ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ একটি মোড় ঘোরানোর পর্যায়ে পৌঁছেছে এবং রাশিয়া ইউক্রেনসহ বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। তিনি জানান, মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে পোল্যান্ড তথ্য পাচ্ছে এবং চলতি সপ্তাহে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের মস্কো সফর ঘিরে আলোচনার বিষয়ে তারা অবগত। আগামী মাসগুলোকে ‘সঙ্কটপূর্ণ’ হিসেবে বর্ণনা করে তিনি সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার তাগিদ দেন।

ন্যাটোর ভূখণ্ডে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে সিআইএ প্রধান রুশ কর্মকর্তাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন, এমন খবরের পর তার মস্কো সফরটি বাড়তি মনোযোগ আকর্ষণ করেছে। তবে মস্কোকে সতর্ক করার উদ্দেশ্যে এই সফর করা হয়েছে এমন খবর প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। অন্য দিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব উদ্বেগ উড়িয়ে দিয়ে জানান, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা চালাবেন বলে তিনি মনে করেন না। র‌্যাটক্লিফের সাথে রুশ প্রতিপক্ষের বৈঠকটিকে তিনি একটি সাধারণ রুটিন কাজ হিসেবে বর্ণনা করেন।