ফাইনালে ফিফার বিশেষ আংটি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আগামীকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের বিজয়ী দলকে বিশেষ স্মারক আংটি দেয়ার ঘোষণা দিয়েছে ফিফা। আমেরিকান ক্রীড়া সংস্কৃতির আদলে এবার প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের ৩০ সদস্যের জন্য বিশেষ ‘ওয়ার্ল্ড কাপ রিং’ তৈরি করা হয়েছে। এ ছাড়া সমর্থকদের জন্য আরো ১,৯৯৬টি স্মারক আংটি বিক্রি করা হবে। প্রতিটি আংটির নকশায় থাকবে ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফি এবং বিশেষ খোদাই।

ফাইনালে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে পুরো বিশ্বকাপে কোনো ম্যাচে উপস্থিত না থাকলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও হোয়াইট হাউজ উভয়ই ট্রাম্পের উপস্থিতি নিশ্চিত করেছে।

তবে এবারের বিশ্বকাপে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক বিতর্কেরও জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ট্রাম্পের অনুরোধের পর শাস্তি স্থগিত হওয়ায় টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকদের অভিযোগ, বিশ্বকাপ চলাকালে অন্য কোনো লাল বা হলুদ কার্ডের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হয়নি।