খুলনা ব্যুরো
খুলনায় নির্বাচনী দায়িত্ব পালনকালে মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচি (৬৩) ভোটকেন্দ্রে মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আদালতের নির্দেশে পাঁচ মাস পর গতকাল সোমবার তার লাশ কবর থেকে উত্তোলন করে আবারো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার আদেশ অনুযায়ী, নগরীর টুটপাড়া কবরস্থানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে গতকাল দুপুরে লাশ উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মামলা অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন নগরীর আলিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন মহিবুজ্জামান কচি। এজাহারে অভিযোগ করা হয়, ভোটগ্রহণ চলাকালে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেয়ার প্রতিবাদ করলে তার ওপর হামলা হয়। একপর্যায়ে আলিয়া কামিল মাদরাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম সরদার তার গলা ধরে ধাক্কা দিলে গাছের সাথে আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। পরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



