সিলেট ব্যুরো
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি করপোরেশন একটি প্রবাসী অধ্যুষিত নগরী। এই সিটির প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। অল্প বৃষ্টি হলেই নগর তলিয়ে যায়। জলাবদ্ধতাসহ জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা নেবো।
গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা যারা বিভিন্ন সিটির দায়িত্ব নিয়েছি, প্রধানমন্ত্রী আমাদেরকে ইনজেনারেলি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সিটি পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও ডেঙ্গু মশা নিধনসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেছেন, আপনারা নগরের উন্নয়নে পরিকল্পনা নেবেন। সেই পরিকল্পনা আমাদের কাছে পাঠাবেন। আমরা সেটা দেখে ব্যবস্থা নেবো। সিসিক প্রশাসক বলেন, সিটির সমস্যা চিহ্নিত করে জনগণের কল্যাণে কাজ করব। প্রধানমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে পরিকল্পনা পাঠাতে বলেছেন। প্রধানমন্ত্রী সব সিটি করপোরেশন পরিদর্শন করবেন এবং আমাদের কাজগুলো মনিটরিং করবেন।



