নয়া দিগন্ত ডেস্ক
ফরিদপুরে ভাঙ্গায় সড়কে মৃত্যুর মিছিল বাড়ছেই। সর্বশেষ ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া এলাকায় পেছন থেকে বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। অন্য দিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা-পিকআপভ্যান সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও দুই নারী আহত, মৌলভীবাজারের রাজনগরে রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধা এবং ঝালকাঠির নলছিটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকসহ তিনজন।
৩ বন্ধু নিহত
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া গতির অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার হাসনহাটি গ্রামের চয়ন (২৩), নয়ন (২০) এবং সিয়াম ওরফে সজীব (২২)। তারা তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তিন বন্ধু একই মোটরসাইকেলে চড়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির বাস তাদের সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চয়ন। পরে স্থানীয়রা গুরুতর আহত নয়ন ও সিয়ামকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ দিকে ঢাকা-বরিশাল ও ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে অদক্ষ ও বেপরোয়া চালকদের কারণে বারবার এমন রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। ভাঙ্গা মহাসড়কে নিয়মিত দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ ও হাইওয়ে প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চান তারা।
কটিয়াদীতে নিহত ৩, গুরুতর আহত ৫ : কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে একটি কাভার্ডভ্যান চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জে আজমেরীগঞ্জের রাবেয়া খাতুন ( ৫০), কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) ও তার মেয়ে জারা মনি (৫)। গুরুতর আহতরা হলেন বন্যা আক্তার (২৫), সিএনজিচালক কাজল মিয়া (৩০), বদিউল আলম (৫৫), প্রিয়া আক্তার ( ২০) ও সাকিবুল হাসান (৮)। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরে ১ জন নিহত, আহত ২ : বাসস জানায়, জেলার টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ পৌর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুই নারী আহত হয়েছেন। গতকাল দুপুর পৌনে ২টায় কালীগঞ্জ পৌরসভার বাঘেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো: হাফিজ শেখ (৬৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। আহত দুই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মৌলভীবাজার বৃদ্ধা নিহত : রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। শনিবার মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে গোবিন্দবাটি নামক স্থানে উপজেলা মডেল মসজিদের পাশে রাস্তা পারাপারের সময় মৌলভীবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা মাথায় আঘাত পেলে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠিতে নিহত ১,আহত ৩ : ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে মুরগীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাইভারসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দিনগত রাত দুইটার সময় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটেঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে মুরগীবাহী দ্রুতগতির একটি পিকআপ (ঢাকা মেট্রো-ড-১২-০৭৪২) বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হেলপার মো: ইমরান (৪০) নিহত হন। এ ঘটনায় ড্রাইভারসহ গুরুতর আহত আরো তিনজনকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মো: ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।



