মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত জোট

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শেষ মুহূর্তে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা থেকে সরে যাওয়া ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াত জোট।

গতকাল রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরিয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এই সমঝোতায় ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা সেই ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য তারা নিজেরা আলাদা নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সাফল্য কামনা করি। আর ইসলামী আন্দোলনের সম্মানে দলের সিনিয়র নায়েবে আমিরের আসনে আমরা কোনো প্রার্থী দেবো না। কারণ উনাদের আমির পীর সাহেব নির্বাচন করছেন না। তাই সৌজন্যের জন্য আমরা এই আসনে প্রার্থী দেবো না। প্রসঙ্গত ফয়জুল করীম বরিশাল-৫ ও বরিশাল-৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী প্রার্থীকে সমর্থন : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গতকাল এক বিবৃতিতে বলেছেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যেমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে।