নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো আট শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে তিন শিশু, খুলনায় দুই শিশু এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে শিশু মারা গেছে।
একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৭১ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯৭ শিশুর, আর উপসর্গ মিলেছে ৯৭৪ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৫ হাজার ১৩৮ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ১০৪ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ২৯ হাজার ২৪২ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৯৪ হাজার ২৭৫ জন।
সিলেট ব্যুরো জানায়, একদিন বিরতির পর সিলেট বিভাগে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া আট মাস বয়সী শিশু আরিয়ান সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে।
এদিকে ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯২ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।



