ক্রেডিট কার্ড জালিয়াতি করে লাখ লাখ টাকা আত্মসাৎ

রাজধানীতে জেল পলাতক আসামিসহ গ্রেফতার ৭৩

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকের অজান্তে তার নামে ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে সারোয়ার হোসেন (৪০) নামে এক সাবেক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, সোমবার রাজধানীর গুলশান থানার ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তিনি একটি ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় এক গ্রাহক তার নামে ক্রেডিট কার্ডের আবেদন করেন। পরে প্রয়োজন না হওয়ায় গ্রাহক কার্ডটি ব্যাংকে ফেরত দিলেও সারোয়ার সেটি জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন।

সম্প্রতি ভুক্তভোগী ব্যক্তি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন, তার নামে ২০১৭ সালে ঋণ গ্রহণ দেখানো হয়েছে। অথচ তিনি এ বিষয়ে কিছুই জানতেন না এবং কোনো ঋণও নেননি। পরে তিনি বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ করেন। এরপর ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি সামনে আসে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চলতি বছরের ১৫ এপ্রিল মামলা করে। তদন্তে জানা গেছে, ২০১৭ সালের শেষ থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ভুক্তভোগীর অজ্ঞাতে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকার লেনদেন করা হয়। এর মধ্যে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হলেও লভ্যাংশসহ অবশিষ্ট ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সারোয়ার হোসেন ব্যাংকে কর্মরত অবস্থায় গ্রাহকের প্রতি অর্পিত বিশ্বাসের অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। এমনকি ২০১৯ সালে চাকরি ছাড়ার পরও তিনি ওই কার্ড ব্যবহার করে লেনদেন চালিয়ে যান।

এ দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদ (৫৭) নামে আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বর সংবলিত মোট ২৩টি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়।

এ ছাড়াও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। মিরপুর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মুগদা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। এ দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তেজগাঁও থানা চারজন, শেরেবাংলা নগর থানা পাঁচজন, মোহাম্মদপুর থানা ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা চারজন ও হাতিরঝিল থানা পাঁচজন রয়েছে।