শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

Printed Edition
সম্পাদক হাসিবুর রহমান সহদফতর সম্পাদক তারেক রহমান
সম্পাদক হাসিবুর রহমান সহদফতর সম্পাদক তারেক রহমান

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে দলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাবিপ্রবি শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান এবং সহদফতর সম্পাদক তারেক রহমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার (১৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শাহপরান হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টের জেরে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় হাসিবুর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। ঘটনার পর ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন ছাত্রসংগঠন এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি তোলে।

তবে ছাত্রদলের কেন্দ্রীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে কেবল ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’-এর কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।