প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচাশ্বশুর আটক

Printed Edition

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার দুপুরে অভিযুক্ত চাচাশ্বশুর সিরাজুলকে তার নিজ এলাকা থেকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশ। আটককৃত সিরাজুল ইসলাম বাঘাব ইউনিয়নের খড়কমারা এলাকার মৃত সুরুজ ওরফে শুনুম উদ্দিনের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত রয়েছেন। ঘটনার দিন দুপুরে বাড়িতে অন্য কোনো লোক না থাকার সুবাদে ঘরে একা পেয়ে সিরাজুল ইসলাম ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে সে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ নিজের আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। মানুষের উপস্থিতি ও টের পেয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

গৃহবধুর শ্বশুর জানান, সিরাজুল একেক দিন একেকটা জিনিসপত্র নেয়ার বাহানা করে প্রায়ই তাদের বাড়িতে আসতো। ঘটনার দিন তিনি যখন বাজারে যান, তখনই বাড়ি খালি থাকার সুযোগ নিয়ে সে তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্তকে আটক করা হয়। শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে।