পেশাদার সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধিতে ডিআরইউ গণমাধ্যম প্রধানদের সংলাপ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ নেতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় গণমাধ্যম ব্যক্তিত্বরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাংবাদিকতার মানোন্নয়নে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আবু সালেহ আকন বলেন, উপস্থিত গণমাধ্যম নেতাদের প্রতিটি পরামর্শ অত্যন্ত মূল্যবান এবং ডিআরইউকে আধুনিক ও সদস্যবান্ধব করতে এসব সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংবাদিকতার মানোন্নয়নে বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় চ্যানেল আই’র হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল ডিআরইউ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অনুসন্ধানী সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের মতো আধুনিক বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের প্রস্তাব দেন। এ ছাড়া আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এবং বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশাহ মোবাইল জার্নালিজম (মোজো) প্রশিক্ষণের পরিধি বাড়ানোর আহ্বান জানান। সভায় গণমাধ্যম প্রধানরা সাংবাদিকতার পেশাগত মান রক্ষায় সদস্যপদ প্রদানের ক্ষেত্রে কঠোর স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ দেন। ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল এবং মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ না দেয়ার দাবি জানান। সাংবাদিকদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে ভাষা শিক্ষার ওপরও জোর দেয়া হয়। মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল এবং বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন ইংরেজি ও চীনা ভাষা শিক্ষার বিশেষ কোর্স চালুর প্রস্তাব দেন। পাশাপাশি এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম সংখ্যার চেয়ে কর্মসূচির গুণগত মানের ওপর জোর দেয়ার পরামর্শ দেন।

সংগঠনের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার ডিআরইউর একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ছাড়া কমিটির মেয়াদ দুই বছর করা এবং সংগঠনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য সদস্য চাঁদা পুনর্বিবেচনার প্রস্তাব করেন একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ ও মোহনা টিভির সিএনই সুমন মুস্তাফিজ। ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সভায় সংগঠনের অন্যান্য নির্বাহী কর্মকর্তারা এবং দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডিআরইউর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।