ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল দিনের শুরুতে ছিল প্রচণ্ড গরম। দুপুরের দিকে শুরু বৃষ্টি আর বজ্রপাত। তাতেই থমকে গেছে খেলা। বৃষ্টি, বজ্রপাতের পর আলোকস্বল্পতা ও ভেজা আউটফিল্ডের কারণে আর মাঠে গড়ায়নি দিনের খেলা ছয় ম্যাচের পাঁচটিই গড়িয়েছে রিজার্ভ ডেতে। অন্য ম্যাচটিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে না নেমেই জিতে গেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আর পাঁচ ম্যাচ গতকাল যেখানে শেষ, সেখান থেকেই আজ শুরু হবে। ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ম্যাচ বর্জন করায় ওয়াক ওভার পেয়ে যায় অগ্রণী ব্যাংক।
বিকেএসপির তিন নম্বর মাঠে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয় আবাহনী লিমিটেড। এই ম্যাচে আগে ব্যাট করে ইরফান শুক্কুরের সেঞ্চুরি ও মেহেদি হাসান মিরাজের ৭২ রানে ভর করে ২৭৫ রানে অলআউট হয় রূপগঞ্জ। ইরফান করেন ৯৯ বলে ১১৯ রান।
বৃষ্টির কারণে রান তাড়ায় নির্ধারিত সময়ে ব্যাটিংয়ে নামতে পারেনি আবাহনী। বৃষ্টি থামলে আবাহনীর সামনে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৬৩ রান। ৬ ওভারে ১ উইকেটে হারিয়ে ৫১ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ফের বৃষ্টি নামায় খেলা গড়ায় রিজার্ভ ডেতে।
ইউল্যাব মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২৭.৫ ওভারে ২ উইকেটে ১০৬ রান তোলে বসুন্ধরা স্ট্রাইকার্স। পরে বৃষ্টির কারণে আর খেলা না হওয়ায় রিজার্ভ ডেতে বাকি খেলা হবে বলে জানায় ম্যাচ অফিসিয়ালসরা। বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে ৮৭ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান অপরাজিত ৪০ রানে।
পিকেএসপিতে তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহীমের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪২ ওভারে ৪ উইকেটে ৩৩৩ রানে থামে মোহামেডানের ইনিংস। হৃদয় করেন ৬৬ বলে অপরাজিত ১০১। মুশফিকের ব্যাট থেকে আসে ৫৫ বলে ১০০। ৬৮ বলে ৬২ রান করেন এনামুল হক, ৬০ বলে ৫৩ মোহাম্মদ নাঈম শেখ।
ডিএল মেথডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ৩৩৫ রান। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ৪১ রান করেছে গাজী গ্রুপ। পরে বৃষ্টির কারণে আর খেলা না হওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে।
গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিশ্চিত হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সিটি ক্লাব। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে আগে ব্যাট করে ২০১ রানে অলআউট হয় গুলশান। ৯০ রানে আউট হন অধিনায়ক শাহাদাত হোসেন সবুজ। পরে বৃষ্টির কারণে সিটি ক্লাবের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২০৪ রান। কিন্তু যে ১২ ওভার খেলা হয়েছে, তাতেই ধ্বংসস্তূপ সিটি ক্লাব। ৭ উইকেটে তাদের রান মোটে ৪২।
ক্রিকেটার্স একাডেমিতে মাত্র ১৭ ওভার খেলা হয়েই বন্ধ হয়েছে প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ১ উইকেটে ৭৫ রান তোলে প্রাইম ব্যাংক। পরে বৃষ্টি আর আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা।



