সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংস

Printed Edition

মেহের নিউজ এজেন্সি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সঙ্ঘাতের পর এই প্রথম সিরিয়ার ভেতরে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। গতকাল শুক্রবার দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, সিরিয়ার আল-তানফ এলাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানো হয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রকাশিত ‘অপারেশন নাসর-২’-এর ১৯তম বিবৃতিতে বলা হয়, ইরানশাহরের বাম্পুর এলাকায় নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে অভিযানের ১১তম ধাপে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই হামলা পরিচালনা করেছে। তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল আল-তানফে অবস্থিত শত্রুপক্ষের বিশেষ অভিযান কমান্ড সেন্টার।

বিবৃতিতে আরো বলা হয়, হামলায় আল-তানফে থাকা মার্কিন বাহিনীর একটি রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার দাবিও করেছে আইআরজিসি। তবে এসব দাবির সত্যতা স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

একই বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালীর ওপর তাদের যোদ্ধাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে এ নৌপথ দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও রফতানি হতে দেয়া হবে না বলেও সতর্কবার্তা দিয়েছে বাহিনীটি।