ম্যাচ বর্জন ব্রাদার্সের ক্রিকেটারদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে গড়ানোর আগেই শেষ হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংকের ম্যাচ। ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো না দেয়া নিয়ে প্রতিবারই আলোচনা-সমালোচনায় থাকে ব্রাদার্স ইউনিয়ন। এমনিতে লিগ শেষে সেই তোলপাড় চোখে পড়লেও এবার লিগ চলার সময়ই ভূমিকম্প। প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট করেছে দলটির ক্রিকেটাররা। তাতে মাঠে না নেমেই জিতে গেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপির চার নম্বর মাঠে শুক্রবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি জাহিদুজামান খান সাগর, সোহাগ গাজীরা। লিগের বাই-লজ অনুযায়ী, কোনো দল ওয়াকওভার দিলে তাদেরকে ‘রেলিগেটেড’ করে দেয়া হবে। তাতে প্রিমিয়ার লিগ থেকে ব্রাদার্সের অবনমন নিশ্চিত। সঙ্কটে নেই এখানেই ব্রাদার্স। কারণ ৯ ম্যাচের স্রেফ একটি জেতায় এমনিতেও তারা অবনমনের মুখেই ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, টসের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিশ্রুতি মোতাবেক পারিশ্রমিক পাওয়ার অপেক্ষায় ছিলেন। আগেও একাধিকবার পারিশ্রমিক দেয়ার কথা দিয়েও তা রাখেনি ব্রাদার্স ইউনিয়ন কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ওই টাকা না পাওয়ায় মাঠে নামেননি তারা। এমনকি ম্যাচ শুরুর আগে গা গরমও করেননি দলটির ক্রিকেটাররা।

সূচি অনুযায়ী সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা ছিল। সকাল ৮.২৫ মিনিটে টস করতে যান ম্যাচ রেফারি এনায়েত এইচ চৌধুরী তামিম। টসে অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কায়েস নির্ধারিত সময়ে এলেও আসেননি ব্রাদার্স অধিনায়ক জাহিদুজ্জামান খান সাগর। ব্রাদার্স অধিনায়কের জন্য প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করেন ম্যাচ রেফারি। পরে নিয়মানুযায়ী তিনি অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দিয়ে দেন।