ভারত সীমান্তে চীনা প্রযুক্তির অত্যাধুনিক কামান মোতায়েন করল পাকিস্তান

Printed Edition

হিন্দুস্তান টাইমস

ভারতের সাথে সীমান্ত এলাকাজুড়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের তৈরি ২৫০টি ‘এসএইচ-১৫’ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রোপেলড হাওইটজার মোতায়েন করেছে পাকিস্তান। শীর্ষ গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে প্রস্তুতকৃত এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত সমগ্র পূর্ব সীমান্ত অঞ্চলজুড়ে এই ১৫৫ মিলিমিটারের দূরপাল্লার কামানগুলো স্থাপন করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর সীমান্ত সুরক্ষায় পাকিস্তানের পক্ষ থেকে এটিই সবচেয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপ।

২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে এক হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এর জবাবে মে মাসে সামরিক অভিযান হিসেবে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারত। এই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং পাকিস্তান তাদের সীমান্ত প্রতিরক্ষাব্যবস্থা নতুন করে সাজাতে শুরু করে। চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রস্তুতকারক সংস্থা ‘নরিনকো’-এর তৈরি এই এসএইচ-১৫ হাওইটজারটি মূলত চার দরজাবিশিষ্ট ৬ী৬ চ্যাসিসের ওপর নির্মিত, যার ছাদে ১২.৭ মিলিমিটারের একটি মেশিনগান যুক্ত রয়েছে। ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিনচালিত এই সামরিক যানের পাওয়ার-টু-ওয়েট অনুপাত প্রতি টনে ১৫.৬৮ হর্সপাওয়ার। এটি সাধারণ ন্যাটো-মানসম্পন্ন ৩০ থেকে ৪০ কিলোমিটার পাল্লার গোলাবারুদ ছুড়তে সক্ষম। তবে বিশেষ রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহারের মাধ্যমে এর আক্রমণের সীমা সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এ ছাড়া স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম ও হাইড্রোলিক সুবিধার কারণে এটি দ্রুত অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে ছয় রাউন্ড পর্যন্ত গোলা বর্ষণ করতে পারে, যা প্রতিপক্ষের পাল্টা আঘাতের পূর্বেই সরে পড়ার সুযোগ দেয়।

পাকিস্তান ও চীনের মধ্যে গভীর হতে থাকা প্রতিরক্ষা সহযোগিতার প্রত্যক্ষ ফল হিসেবেই বিশাল এই সামরিক সরঞ্জাম মোতায়েনকে বিবেচনা করছেন বিশ্লেষকরা। সম্প্রতি রাওয়ালপিন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে চীনা কূটনীতিক ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে অটুট ও সময়-পরীক্ষিত বলে উল্লেখ করেন।