বেসরকারি টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্সে’র দ্বিতীয় সংস্করণ আয়োজনের ঘোষণা দিয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) এবং নন-স্টেমসহ সব অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী সমাধান তৈরিতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
২০২৫ সালে যাত্রা শুরু করা ‘ফিউচারমেকার্স’ এ বছর ‘সামাজিক কল্যাণে এআই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের দায়িত্বশীল ও সৃজনশীলভাবে এআই ব্যবহার করে সমাজ ও সম্প্রদায়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার নতুন সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করা হবে। প্রতিযোগিতার দ্বিতীয় আসরে যে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানভিত্তিক ধারণা আহ্বান করা সেগুলো হচ্ছে ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা; স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা; দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ; লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তি; পরিবেশের ভারসাম্য ও জলবায়ু মোকাবেলা এবং নিরাপত্তা, সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা।
আগ্রহী শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি।



