নয়া দিগন্ত ডেস্ক
দেশে হাম ও উপসর্গে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত ৯৫ দিনে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৩ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত (পরীক্ষায় শনাক্ত) হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯০৪ জন।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদন অনুয়ায়ী সর্বশেষ বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যে দু’টি শিশু মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৮১৫ জন।
সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৯ মাসের শিশু দিবানি পাল সিলেটের ওসমানীনগর উপজেলার এবং দুই মাস ২৪ দিন বয়সী শিশু রাইয়ান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় দু’জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭১ জন। গতকাল সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৬৮ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৭৩ জন শিশু। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিরা উপসর্গে মারা গেছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩১ জন সুনামগঞ্জ জেলার, এরপর ২৮ জন সিলেটের, মৌলভীবাজারের ৯ ও হবিগঞ্জের ছয়জন রয়েছেন।
নোয়াখালীতে আরো এক শিশুর মৃত্যু
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে হামের উপসর্গে মো: তাসিফ (৯) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামে তিন শিশুর মৃত্যু হলো। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩৪ শিশু ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাম উপসর্গে মৃত তাসিফ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে। গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



