চট্টগ্রামে কনফিডেন্স সল্ট কারখানায় দগ্ধ আরো ২ জনের মৃত্যু

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স সল্টের কারখানায় দগ্ধ আরো দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাতে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে ১৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ আলম (৪৫) নামের দুই শ্রমিক। ফলে মৃত্যু বেড়ে দাঁড়াল চারজনে।

সর্বশেষ মারা যাওয়া দুইজন হলেন বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর গ্রামের নূর ছফার ছেলে নুর নবী হৃদয় (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটের বাসিন্দা উজ্জ্বল দাশ (৫৩)।

উল্লেখ্য, ১৬ জুলাই সকাল ১০টার দিকে কনফিডেন্স সল্ট কারখানায় এক বিস্ফোরণে ১০ জন দগ্ধ হন। ওইদিন তাদের চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।