স্বর্ণ ব্যবসার আড়ালে মাদক কারবার

Printed Edition

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপায় জুয়েলারি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলা মাদকের আস্তানায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে শৈলকুপা শহরের সরকার জেন্টস কালেকশন মার্কেটের সোনার তরী জুয়েলার্স এ অভিযান চালানো হয়। শৈলকুপা থানা-পুলিশের একটি দল ওই দোকানে অভিযান চালিয়ে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক হাজার ৭৯০ টাকাসহ দোকানের মালিক সঞ্জিত কুমার কর্মকারকে হাতেনাতে আটক করে। আটক সঞ্জিত উপজেলার কবিরপুর গ্রামের মৃত সমর কর্মকারের ছেলে।

থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, স্বর্ণের ব্যবসার আড়ালে সঞ্জিত দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন। আটককৃত ব্যক্তিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।