ময়মনসিংহ একটি গুরুত্বপূর্ণ জেলা। উপমহাদেশে এটি বৃহত্তম জেলা হিসেবে পরিচিত ছিল। ময়মনসিংহের একটি উপজেলা ঈশ্বরগঞ্জ। এ ঈশ্বরগঞ্জে পাঁচ বছরেও একটি সড়কের কাজ শেষ হয়নি। একটি সহযোগী দৈনিকের ঈশ্বরগঞ্জ উপজেলা সংবাদদাতার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ঈশ্বরগঞ্জ আঠারবাড়ী সড়ক সংস্কার পাঁচ বছরেও শেষ হয়নি। বাস্তবতা হলো- ঈশ্বরগঞ্জ পৌর এলাকার আড়াই কিলোমিটার সড়কের কাজ থমকে আছে।
আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের কাজ শুরু হয় ২০২০ সালের মার্চে। ওই বছর ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। ১১৫ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প ব্যয়ে রাস্তাটির কাজ ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আড়াই কিলোমিটার অংশ অধিগ্রহণ না করায় আটকে আছে। পৌর এলাকায় সড়কের দুই পাশের জায়গার মালিকরা অধিগ্রহণের টাকা ছাড়া জমি ছাড়তে চাচ্ছেন না। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানও রয়েছে।
সড়কের কাজ বন্ধ থাকায় ওই এলাকায় যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরাও বিপাকে রয়েছেন। পৌর এলাকা ছাড়াও উপজেলার সোহাগী ইউনিয়নের কিছু অংশেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
বেহাল সড়ক দ্রুত সংস্কার দাবিতে এলাকাবাসী আন্দোলন করেছেন। মানববন্ধন করে চলাচলের উপযোগী করার জন্য দাবি জানাচ্ছেন। অধিগ্রহণ জটিলতায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারছে না। ইতোমধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে অব্যাহতি চেয়ে তারা আবেদন করে।
সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির বলেন, ‘ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়া শিমুল পর্যন্ত সড়কের বেহাল দশায় রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সবাই একজোট হয়ে প্রতিবাদও করছেন। যদি দ্রুত সড়ক সংস্কারকাজ শেষ করা না হয়, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করে আন্দোলন করব।’
সওজের পক্ষ থেকে জানা জানানো হয়েছে, তারা অধিগ্রহণের কাজটি দ্রুত করতে চান। এ জন্য তারা জমির মালিকদের নোটিশ দিয়েছেন। তারা জানাচ্ছেন কাগজপত্র জমা দিলে দ্রুত সময়ের মধ্যে বরাদ্দের টাকা উত্তোলন করতে পারবেন। এরপর দ্রুত সড়কের কাজ শুরু হবে। বাস্তবতা হচ্ছে- এর পরও দীর্ঘ দিন সড়ক সংস্কারকাজ ঝুলে রয়েছে।
সড়ক মানুষের যোগাযোগের জন্য তৈরি হয়। এখন সেই সড়ক ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী এলাকার মানুষের দুরবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সড়কটি পাঁচ বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে। সরকারের দায়িত্বশীল বিভিন্ন বিভাগ, স্থানীয় সরকারের প্রতিনিধিরা রয়েছেন- কথা হলো, সবাই যদি এ ব্যাপারে আন্তরিক হন, তার পরও কেন সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হচ্ছে না, সেটি একটা বড় প্রশ্ন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার আন্তরিক মনোযোগ দরকার।



