আদালতকে হাতিয়ার করে জনস্বাস্থ্য নীতি নস্যাৎ করছে খাদ্য কোম্পানিগুলো : হু

বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ স্থূলতার শিকার, যেখানে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও ক্যান্সারের মূল কারণ অস্বাস্থ্যকর খাবার।

নয়া দিগন্ত অনলাইন
'অনেক দেশেই মানুষের দৈনন্দিন গড় খাদ্যের অর্ধেকটাই জুড়ে রয়েছে আল্ট্রা-প্রসেসড ফুড বা অতি প্রক্রিয়াজাত খাবার।'
'অনেক দেশেই মানুষের দৈনন্দিন গড় খাদ্যের অর্ধেকটাই জুড়ে রয়েছে আল্ট্রা-প্রসেসড ফুড বা অতি প্রক্রিয়াজাত খাবার।'

জনস্বাস্থ্য রক্ষায় সরকারের নীতি বানচাল করতে বিশ্বজুড়ে আদালতকে হাতিয়ার বানিয়েছে বহুজাতিক প্রক্রিয়াজাত খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, রোববার (১ আগস্ট)-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি বিশ্বমঞ্চে উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসাস জানিয়েছেন, বিশ্বব্যাপী স্থূলতা ও খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ মোকাবিলার প্রচেষ্টা নস্যাৎ করছে এই বড় কোম্পানিগুলো। বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ স্থূলতার শিকার, যেখানে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও ক্যান্সারের মূল কারণ অস্বাস্থ্যকর খাবার। যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশে মানুষের দৈনন্দিন খাদ্যের অর্ধেকই এখন আল্ট্রা-প্রসেসড ফুড।

পরিস্থিতি সামলাতে বিভিন্ন দেশের সরকার প্যাকেটের গায়ে স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা দেওয়া, বিজ্ঞাপন নিয়ন্ত্রণ ও অস্বাস্থ্যকর খাবারে কর আরোপের নীতি গ্রহণ করে। মুখে সহায়তার কথা বললেও গোপনে মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে ২৩৫টি মামলা ঠুকে দিয়েছে কোম্পানিগুলো। এর ৩৮ শতাংশ মামলা পরিচালনা করেছে কোকা-কোলা, পেপসিকো ও মন্ডেলেজের মতো আটটি বড় প্রতিষ্ঠান।

আইনি লড়াইয়ে তিন-চতুর্থাংশ মামলাতেই হেরেছে কোম্পানিগুলো। কিন্তু একেকটি মামলা গড়ে আড়াই বছর ঝুলে থাকায় স্বাস্থ্যনীতি কার্যকর করা পিছিয়ে গেছে। প্রায় ৬০০ বছরের সমপরিমাণ সময়ক্ষেপণের মাধ্যমে অন্য দেশগুলোকেও সতর্কবার্তা দিতে চেয়েছে তারা, যাতে কেউ নতুন নিয়ম করার সাহস না পায়। এতে সরকারগুলোর কোটি কোটি ডলার আইনি ও চিকিৎসা বাবদ অপচয় হচ্ছে।

খাবারকে প্রক্রিয়াজাত করার মাত্রার ওপর ভিত্তি করে মোটামুটি তিন ভাগে দেখা যায়। মিনিমালি প্রসেসড বা সামান্য প্রক্রিয়াজাত খাবার হলো এমন খাবার, যেগুলো মূল খাবারের স্বাদ, গুণ ও চেহারা প্রায় একই রেখে পরিষ্কার, কাটা, শুকানো, হিমায়িত বা প্যাকেটজাত করা হয়—যেমন চাল, ডাল, বাদাম, হিমায়িত সবজি বা পাস্তুরিত দুধ। প্রসেসড ফুড তৈরি করতে মূল খাবারে নুন, চিনি বা তেল যোগ করা হয় কিংবা অন্যভাবে সংরক্ষণ করা হয়—যেমন আচার, পনির, প্যাকেটজাত রুটি বা টিনজাত মাছ। আর আল্ট্রা-প্রসেসড ফুড হলো শিল্পকারখানায় নানা ধাপে তৈরি এমন খাবার, যাতে মূল উপাদানের সঙ্গে অতিরিক্ত চিনি, নুন, চর্বি এবং কৃত্রিম স্বাদ, রং, মিষ্টিকারক বা সংরক্ষণকারীসহ নানা উপাদান যোগ করা হয়। আলুর চিপস, ইনস্ট্যান্ট নুডলস, কোমল পানীয়, প্যাকেটজাত কেক-বিস্কুট ও সসেজ এর পরিচিত উদাহরণ।

এসব অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে টেড্রোস বলেন, 'জনস্বাস্থ্যের স্বার্থে অবিলম্বে এই আইনি বাধা ও মামলা বন্ধ করা উচিত।' একই সাথে তিনি বিভিন্ন দেশের সরকারকে এসব স্বাস্থ্যনীতি বাস্তবায়নে পিছপা না হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।