আরব সাগর থেকে একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশী নাবিকও রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে উত্তর আরব সাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজ ‘এমভি গোল্ড অটাম’ থেকে বিপদ সঙ্কেত পাঠানো হয়। সঙ্কেত পেয়ে পাকিস্তান নৌবাহিনী একটি দ্রুত মানবিক অভিযান চালায়। অভিযানে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকসহ ১৮ জন নাবিককে সফলভাবে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
বিবৃতিতে আরো বলা হয়, জরুরি সতর্কতা পাওয়ার পর পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি অ্যাজেন্সি (পিএমএসএ) তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) সক্রিয় করে এবং তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। পাকিস্তান নৌবাহিনীর জাহাজের বিশেষজ্ঞ দল আটকে থাকা নাবিকদের প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান শেষে উন্নত চিকিৎসা এবং পরবর্তীতে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য নিরাপদে করাচিতে নিয়ে আসে।
তবে, কী করণে ওই জাহাজ থেকে বিপদ সঙ্কেত পাঠানো হয় তা জানায় পাকিস্তানের নৌবাহিনী। এমনি কোন দেশের কতজন নাবিককে উদ্ধার করা হয় সেটিও জানা যায়নি।
সূত্র : দ্য ডন



