রাশিয়া ইউক্রেনের খারকিভ শহরে বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক নারী নিহত ও আরো নয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ও কিয়েভ একে অপরের ওপর হামলা জোরদার করেছে।
খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, শনিবার ভোরে একটি ‘গাইডেড এয়ারিয়াল বোমা’ শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে ধ্বংসস্তূপের নিচে একজন নারী আটকা পড়েন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।’
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, খারকিভের খোলোদনোহিরস্কি জেলায় রাশিয়ার হামলায় নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, জেলেনিভকা এলাকায় একটি ড্রোন হামলায় ৭২ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।
খেরসনের কোরাবেলনি জেলায় আরো তিনজন ড্রোন হামলায় আহত হন বলে জানানো হয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সকালে জানিয়েছে, সারারাত দেশজুড়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৮৭টি ড্রোন ভূপাতিত করেছে।
মস্কোর ওপর ইউক্রেনের পরিচালিত সবচেয়ে বড় ড্রোন হামলার মাত্র দু’দিন পর এই ড্রোন হামলাগুলো ঘটেছে। ওই হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে, একটি বড় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় ও দেশের বৃহত্তম বিমানবন্দরের লোকজনকে সরিয়ে নিতে বাধ্য হয়।
সূত্র : বাসস



