ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
হামলার আগে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন।
এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২২ সালের এপ্রিল মাসের পর চলতি বছরের জুন মাসটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস ছিল। কারণ মস্কো ইউক্রেনের বিভিন্ন শহর ও জনবসতিতে দূরপাল্লার হামলা আরো বাড়িয়ে দিয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় চারজন নিহত হয়েছেন। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোরও রয়েছে।
হামলার শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় মেয়র ক্লিচকো জানান, ‘শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’
বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরাও কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, অল্প সময়ের ব্যবধানে ১০টিরও বেশি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের তীব্রতায় শহরের বিভিন্ন স্থানে গাড়ির অ্যালার্ম বেজে ওঠে।
অন্যদিকে, প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেনও সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ভেতরে পাল্টা দূরপাল্লার হামলা বাড়িয়েছে। কিয়েভের দাবি, এসব হামলার মাধ্যমে তারা মস্কোকে আলোচনার টেবিলে ফিরতে চাপ সৃষ্টি করতে চায়।
এদিকে রাশিয়ার বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ শুক্রবার জানিয়েছে, রাতের হামলায় ভলগোগ্রাদে তাদের একটি লজিস্টিকস কেন্দ্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনায় হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।
ইউক্রেনের অভিযোগ, ওয়াইল্ডবেরিজ তাদের স্থাপনায় ড্রোনের যন্ত্রাংশ সংরক্ষণ করে এবং রুশ সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসছে। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। বৈঠকের সময়ও উভয় পক্ষ একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা অব্যাহত রাখে।
বৈঠক শেষে জেলেনস্কি দাবি করেন, ট্রাম্প ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে ট্রাম্প এ বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে’ এবং ‘বৈঠকটি খুবই ভালো হয়েছে।’
সূত্র: বাসস



