রুশ সেনাবাহিনীর জন্য বিলিয়ন ডলার আসছে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার তেলের জন্য দেয়া প্রতিটি ডলারই যুদ্ধের অর্থ। এটি ইউক্রেনে ধ্বংসাত্মক হামলায় ব্যবহার করা হচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্য হ্রাস করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র একটি ছাড়ের মেয়াদ বাড়ানোর পর, রোববার (১৯ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাশিয়ার তেলের জন্য দেয়া প্রতিটি ডলারই যুদ্ধের অর্থ। এটি ইউক্রেনে ধ্বংসাত্মক হামলায় ব্যবহার করা হচ্ছে।’

তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার এক মাসের জন্য নিষেধাজ্ঞা ছাড় দেয়। এর ফলে সমুদ্রে থাকা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানি মূল্যের চাপ কমাতে এই পদক্ষেপ নেয়া হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই ছাড় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

যদিও এর দুই দিন আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছিলেন, ওয়াশিংটন এটি নবায়ন করবে না।

জেলেনস্কি বলেন, বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, রুশ তেল বহনকারী ১১০টির বেশি ট্যাঙ্কার সমুদ্রে রয়েছে। এগুলোতে এক কোটি ২০ লাখ টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে, যা ‘নিষেধাজ্ঞা শিথিলের কারণে আবারো কোনো বাধা ছাড়াই বিক্রি করা সম্ভব’।

তিনি আরো বলেন, ‘এটি ১০ বিলিয়ন ডলার, যা সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে নতুন হামলায় রূপান্তরিত হচ্ছে।’

ইউক্রেনের এই নেতা বলেন, গত এক সপ্তাহে রাশিয়া তাদের শহর ও বসতিতে দুই হাজার ৩৬০টির বেশি আক্রমণকারী ড্রোন, এক হাজার ৩২০টির বেশি নির্দেশিত বিমান বোমা এবং প্রায় ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

স্থানীয় প্রশাসন প্রধান বলেন, রোববার উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে এক রাতের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত ও চারজন আহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘রুশ ট্যাঙ্কারগুলোকে থামানো জরুরি। তাদের বন্দরে তেল পৌঁছাতে দেয়া যাবে না। হামলাকারীর তেল রফতানি কমাতে হবে। ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞাও সেই লক্ষ্যেই কাজ করছে।’

সূত্র: বাসস