ফ্রান্সে ভয়াবহ দাবানল, শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে

দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সে দাবানলে ১৭০০ হেক্টর এলাকা ভস্মীভূত; বিদ্যুৎহীন ২,৩০০ বাড়িঘর ও শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সে ভয়াবহ দাবানল
ফ্রান্সে ভয়াবহ দাবানল |সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার দ্রুত ছড়িয়ে পড়া একটি ভয়াবহ দাবানলে শত শত মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ১ হাজার ফায়ার সার্ভিসকর্মী ও পানি ছিটানোর জন্য উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভার অঞ্চলের বনাঞ্চলঘেরা পাহাড়ে ছড়িয়ে পড়া এই আগুন কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১ হাজার ৭০০ হেক্টর (৪ হাজার ২০০ একর) এলাকা ভস্মীভূত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

দেশটির মার্সেই ও নিস শহরের মধ্যবর্তী ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান সিমন বার্ব্রে বলেন, ‘গ্রস বেসিলন পর্বতের ঢাল বেয়ে আগুন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ও বাতাসের গতি কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিলে এমন দ্রুত বিস্তার প্রত্যাশিত ছিল না।’

তিনি জানান, কোতিনিয়াক, মনফোর-সুর-আরজঁ ও কোরেন্স গ্রামের আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। আগুনের সূত্রপাত হওয়া পন্তেভ ও কাছের সিলাঁ-লা-কাসকাদ গ্রামের অনেক মানুষকেও নিরাপদ স্থানে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে প্রিফেকচারের তথ্য অনুযায়ী, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২ হাজার ৩০০টির বেশি বাড়ি।

ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে ওই এলাকায় ভয়াবহ বন আগুনের ঝুঁকি তৈরি হয়েছে।

বার্ব্রে বলেছেন, এগিয়ে আসা আগুনের শিখার সামনে অগ্নি-প্রতিরোধী প্রতিবন্ধক স্থাপনের জন্য বিমানকর্মীরা দ্রুতগতিতে কাজ করছে।

এএফপির এক সাংবাদিক জানান, কোতিনিয়াকের কাছে আগুনে ঘেরা পাহাড়ের পেছনে আকাশে উঠে যাওয়া ঘন ধূসর ধোঁয়ার বিশাল মেঘ দেখেছেন।

ভার অঞ্চলের অগ্নিনির্বাপক প্রধান এরিক গ্রোহিন বলেন, ‘এই মুহূর্তে পুরো এলাকার জন্য আগুন নিয়ন্ত্রণ করাই অগ্রাধিকার।’

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৯০০ থেকে ৯৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

সূত্র : বাসস