জার্মানিতে ভবন ধসের ধ্বংসস্তূপ থেকে নারীর লাশ উদ্ধার

পূর্ব জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসের পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

নয়া দিগন্ত অনলাইন
জার্মানিতে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান
জার্মানিতে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান |সংগৃহীত

পূর্ব জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসের পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার (২১ মে) পুলিশ এ তথ্য জানিয়েছে।

পূর্বাঞ্চলীয় শহর গোরলিৎসের পুলিশ জানায়, বুধবার রাতে অনুসন্ধানী কুকুর মোতায়েনের পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একজনের লাশ খুঁজে পাওয়া যায়।

পুলিশ জানায়, লাশটিকে নিখোঁজ থাকা রোমানিয়ার ২৫ বছর বয়সী নারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে একটি হলিডে অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার পর থেকে ইট ও ভাঙা কাঠের স্তূপে জীবিতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছিল উদ্ধারকারীরা।

এ ঘটনায় আরো দু’জন এখনো নিখোঁজ রয়েছেন। তারা হলেন ২৬ বছর বয়সী আরেক রোমানীয় নারী এবং জার্মান ও বুলগেরীয় দ্বৈত নাগরিকত্ব থাকা ৪৮ বছর বয়সী এক ব্যক্তি।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান, উদ্ধার অভিযান ও বিশেষ করে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি কার্যক্রম এখনো চলছে।

সূত্র: বাসস