হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ |সংগৃহীত

হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে সোমবার (৪ মে) আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

এদিকে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালী থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে।

আর্মেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাখোঁ বলেন, ‘আমরা সর্বোপরি যা চাই, তা হলো যুক্তরাষ্ট্র ও ইরানের একটি সমন্বিত পদক্ষেপ। এই পদক্ষেপ হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য এটাই একমাত্র সমাধান।’

ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা এমন কোনো সামরিক অভিযানে অংশ নেব না, যার কাঠামো আমার কাছে অস্পষ্ট বলে মনে হয়।’

তিনি জানান, যুক্তরাজ্যের সাথে মিলে ফ্রান্স একটি জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, যার লক্ষ্য হলো- শান্তি প্রতিষ্ঠিত হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া।

সূত্র: বাসস