কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ৩০

কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও প্রায় ১৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কিয়েভে হামলার পর কর্মীদের উদ্ধার অভিযান
কিয়েভে হামলার পর কর্মীদের উদ্ধার অভিযান |সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার (২ জুলাই) শত শত ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও প্রায় ১৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

একাধিক বিস্ফোরণে কিয়েভের কেন্দ্রস্থল কেঁপে ওঠে এবং সারারাত ধরে রাজধানীজুড়ে এর কম্পন অনুভূত হয়। হাজার হাজার বাসিন্দা আশ্রয়কেন্দ্রে ছুটে যান। আকাশজুড়ে ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায়।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে আরো তিনটি লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

এর আগে রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানিয়েছিলেন যে, ৯১ জন আহত হয়েছেন।

তিনি সতর্ক করেছিলেন যে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধারকারী দলগুলো আটকে পড়া বাসিন্দাদের সন্ধানে সারারাত ধরে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়েছে।

সূত্র: রয়টার্স