ফ্রান্সে নতুন দাবানলে সরিয়ে নেয়া হলো ৫ শতাধিক মানুষ

বৃহস্পতিবার লঁদ এলাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দেশটির বড় একটি অংশ নতুন করে তাপপ্রবাহের কবলে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা |সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় পাঁচ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে ১ হাজার ১০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। শুক্রবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

এবারের গ্রীষ্মে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের কারণে শুষ্ক ও অতি দাহ্য পরিবেশ তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

ফ্রান্সের লুগলঁ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার লঁদ এলাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দেশটির বড় একটি অংশ নতুন করে তাপপ্রবাহের কবলে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে প্রায় ৫০০ ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রধান আরনো ফাব্র বলেন, ‘আগুনের তীব্রতা কমে এসেছে। তবে, তাপমাত্রা আবার বাড়তে থাকায় আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার দিনের শেষের দিকে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।’

সূত্র : এএফপি/বাসস