রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে।
ট্রাম্প বলেছেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি হবে।’
এর কিছুক্ষণ পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেন যে, চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসানের জন্য মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে তিন দিনের একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ বলেন, ‘মার্কিন প্রশাসনের সাথে আমাদের টেলিফোন আলাপের সময় এই বিষয়ে একটি চুক্তি হয়েছে। এর জন্য মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সাথে যোগাযোগ করছিলেন।’
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক টেলিফোন আলাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই দেশের মিত্রতার বিষয় এবং বিজয় দিবস উদযাপনের সময় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এই আলাপের পর এই চুক্তিটি হয়।
এর আগে, ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে দু’দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। অন্যদিকে ইউক্রেন জানিয়েছিল যে, তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে।
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় রুশ ও ইউক্রেনীয় প্রতিপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
সূত্র: আল জাজিরা



