ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ রুশ হামলার একদিন পর সর্বশেষ মস্কোর হামলায় শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ বলেছেন, সীমান্তবর্তী সুমি অঞ্চলে একটি রুশ ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলে এক বৃদ্ধা ও এক শিশু নিহত এবং আরো তিনজন আহত হন।
প্রতিরক্ষা পরিষদের প্রধান ওলেক্সান্দর ভিলকুল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষের মতে, রাজধানী কিয়েভে ব্যাপক গোলাবর্ষণের এক রাত পর এই রুশ হামলাগুলো চালানো হয়।
চলতি বছর রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলার পর শুক্রবার কিয়েভে শোক দিবস পালিত হচ্ছে।
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছেন এবং যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: আল জাজিরা



