রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর লাশ উদ্ধার

রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস থেকে পাঁচ বিদেশী পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়েছে। তারা বসনিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস
রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস |সংগৃহীত

রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস থেকে পাঁচ বিদেশী পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়েছে। তারা বসনিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। রোববার (২৬ জুলাই) রুশ কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, সাত সদস্যের একটি পর্বতারোহী দলের মধ্যে দু‘জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরো তিনজনের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানায়, ‘তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২৪ জুলাই সাত বিদেশী পর্বতারোহীর একটি দল মাউন্ট এলব্রুসে আরোহণ করছিল। পরদিন সন্ধ্যায় আবহাওয়ার দ্রুত অবনতি হওয়ায় দলটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে।’

বিবৃতিতে বলা হয়, দলের এক সদস্য নিচে নেমে এসে কর্তৃপক্ষকে জানান, ‘পাঁচ হাজার ১০০ মিটার উচ্চতায় দলের দু’জন সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।’

পরে উদ্ধারকারীরা আরো একজন জীবিত পর্বতারোহীকে খুঁজে পান। একইসাথে আরো তিন পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়।

বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনাকে ‘একটি বড় ধরনের ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন।

সূত্র: বাসস