কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা জেলায় রাশিয়ার হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
আবাসিক এলাকায় রুশ ড্রোন হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে
আবাসিক এলাকায় রুশ ড্রোন হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে |সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা জেলায় রাশিয়ার হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, হামলায় কমপক্ষে ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর আগুন লেগে কয়েকটি বাড়ি ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, মিলা গ্রামের একটি গুদামে হামলা চালানো হলে সেখানে বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, সরকারি অবহেলার অভিযোগে এ ঘটনায় ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে।

জেলেনস্কি আরো বলেন, ‘নিয়মকানুন রয়েছে—বাড়িঘর বা অন্যান্য আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যাবে না।’

তিনি জানান, হামলায় বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি পরিচর্যা কেন্দ্র এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ৩৭০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং উদ্ধার-উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

কিয়েভে রাশিয়ার একটানা বিমান হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এতে ইউক্রেনের রাজধানীর অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

প্রতিবেশী দেশটিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পরও কিয়েভে হামলা অব্যাহত রয়েছে।

সূত্র : ইউএনবি