ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে আবাসিক ভবন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জাদুঘর ও একটি গির্জাও রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |সংগৃহীত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে পর্যটন শহর তুয়াপসে এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২০ এপ্রিল) আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কয়েক দিনের ব্যবধানে বন্দরনগরীটিতে এটি দ্বিতীয় হামলা। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে আবাসিক ভবন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জাদুঘর ও একটি গির্জাও রয়েছে।

কন্দ্রাতিয়েভ বলেন, ‘গত রাতে তুয়াপসে শহরে আবারো ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সমুদ্রবন্দরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি জানান, হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে একই অঞ্চলে ড্রোন হামলায় এক কিশোরী ও এক তরুণীর নিহত হওয়ার তথ্য জানান গভর্নর।

সূত্র: বাসস