জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে চীনের একটি নৌযান জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) সামরিক মহড়া চালিয়েছে।
জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ইইজেডের ভেতরে রোববার চীনের সরাসরি গোলাবর্ষণ মহড়া শনাক্ত ও প্রকাশ করার ঘটনা এবারই প্রথম করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জাপানের দক্ষিণাঞ্চলীয় সর্বশেষ ভূখণ্ড ওকিনোটোরি দ্বীপের প্রায় ১৮০ কিলোমিটার (১১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে চীনের লুয়াং-৩ শ্রেণির একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজকে এ মহড়া মহড়া পরিচালনা করতে দেখা গেছে।
এর আগে একই দিন রাত ২টার দিকে ওই দ্বীপের প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চারটি জাহাজের একটি বহর শনাক্ত করা হয়। বহরটিতে তিনটি চীনা জাহাজ এবং একটি রুশ নৌবাহিনীর ফ্রিগেট ছিল। জাহাজগুলো উত্তর-পূর্ব দিকে যাচ্ছিল।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, পরে যখন সরাসরি গোলাবর্ষণ মহড়া শুরু হয়, তখন রুশ ফ্রিগেটটিও কাছাকাছি অবস্থানে ছিল।
মহড়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারির জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করেছে।
সূত্র : বাসস



