মমতার বাড়ির সামনেই বিজেপি কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে ‘উস্কানিমূলক’ এবং ‘সৌজন্যহীন রাজনীতি’ বলে তীব্র নিন্দা জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মমতার বাড়ির সামনেই ‘জয় শ্রী রাম’ স্লোগান
মমতার বাড়ির সামনেই ‘জয় শ্রী রাম’ স্লোগান |সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে বিজেপি। প্রাপ্ত সর্বশেষ খবর অনুসারে- এরই মধ্যে ‘ম্যাজিক ফিগার’ পার করেছে দলটি। আর তাতেই বুনো উল্লাসে মেতে উঠেছেন বিজেপির কর্মী-সমর্থকরা।

সোমবার (৪ মে) দুপুরে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, উল্লসিত নেতাকর্মীদের একটি অংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন।

দক্ষিণ কলকাতার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। গেরুয়া শিবিরের আকস্মিক এই ‘শো-ডাউন’কে কেন্দ্র করে এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট চত্বরে পুলিশের সাষে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিরাট সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে ‘উস্কানিমূলক’ এবং ‘সৌজন্যহীন রাজনীতি’ বলে তীব্র নিন্দা জানানো হয়েছে।

অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পর বাংলায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, তাই স্বতঃস্ফূর্ত আবেগ থেকেই কর্মীরা স্লোগান দিয়েছেন।

বর্তমানে ওই এলাকায় ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জমায়েত সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।