নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০

নেপাল ও চীনের তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে এবং প্রায় চার হাজার ৫০০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের বন্যাকবলিত একটি এলাকা
নেপালের বন্যাকবলিত একটি এলাকা |ফাইল ছবি

নেপাল ও চীনের তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে এবং প্রায় চার হাজার ৫০০ জন এখনো নিখোঁজ রয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এটা জানা গেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট হিমালয়ের এই দেশটিতে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানার পর থেকে এক হাজার ১১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৯২ জন আহত হয়েছেন এবং তিন হাজার ৯১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ আরো জানায়, বন্যাকবলিত এলাকাগুলো থেকে প্রায় ১২ হাজার জনকে উদ্ধার করা হয়েছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য সেনাবাহিনী ও পুলিশসহ ২১ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হয়েছে।

নেপালে আকস্মিক বন্যায় প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার তথ্যমতে, সীমান্তে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশী নাগরিক।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি