নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২৪৯৮

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে এবং দুই হাজার ৪৯৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। এদিকে, চীনের তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ হয়েছেন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ এবং নিখোঁজের সংখ্যা তিন হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের মধ্যে ৫৮৯ জন বিদেশী নাগরিক রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা |ফাইল ছবি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে এবং দুই হাজার ৪৯৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ আগস্ট) দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত বুধবারের দুর্যোগের পর তিব্বতে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছিল।

এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ এবং নিখোঁজের সংখ্যা তিন হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের মধ্যে ৫৮৯ জন বিদেশী নাগরিক রয়েছেন।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, এই তালিকায় নদীর তীরবর্তী পানিবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীও রয়েছেন।

দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো মোট আট হাজার ১৮৬ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ২২৭ জন বিদেশী নাগরিক।

এদিকে ভারত কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে বয়ে আসা নদীগুলো থেকে তারা সাতটি লাশ উদ্ধার করেছে, যেগুলো বন্যা দুর্গত বলে ধারণা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যায় এগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।

সূত্র : এএফপি