পাকিস্তানের করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া একটি বোয়িং কার্গো বিমানের সন্ধানে বুধবার (৮ জুলাই) তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে বিমানটিকে দ্রুত নিচে নামতে দেখা যাওয়ার পর সেটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পিএএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, বেসরকারি প্রতিষ্ঠান কে২ এয়ারওয়েজ পরিচালিত বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশে আসার পথে মঙ্গলবার সন্ধ্যায় এটি নিখোঁজ হয়। এর আগে বিমানটি নেভিগেশন সিস্টেমে ত্রুটির কথা জানিয়েছিল।
পিএএ-এর তথ্যমতে, পাকিস্তান সময় রাত ৯টা ২১ মিনিটে রাডারে বিমানটিকে দ্রুত উচ্চতা হারাতে এবং আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে একটি উদ্ধার সমন্বয় কেন্দ্র (রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার) চালু করা হয়েছে এবং সমুদ্রে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪.কম জানিয়েছে, বিমান থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে এটি উচ্চতা হারায়, এরপর কিছুটা ওপরে ওঠে এবং পরে আবার হঠাৎ করে দ্রুত উচ্চতা হারায়।
কে২ এয়ারওয়েজ পাকিস্তানের একটি বেসরকারি কার্গো এয়ারলাইন। এটি দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক গন্তব্যে নির্ধারিত এবং চার্টার কার্গো ফ্লাইট পরিচালনা করে আসছে।
এয়ারফ্লিটস ডটনেটের তথ্য অনুযায়ী জানা গেছে, ১৯৯৯ সালে নির্মিত বিমানটি প্রথমে রাশিয়ার অ্যারোফ্লট এবং পরে ইন্দোনেশিয়ার গারুডা ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়। ২০১২ সালে এটিকে কার্গো পরিবহনের উপযোগী করে রূপান্তর করা হয়।
সূত্র: বাসস



