আফগান তালেবানের হামলা : ব্রিটিশ দূতের মন্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের

আফগানিস্তান সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে ব্রিটিশ বিশেষ দূতের ‘একপেশে’ মন্তব্যকে বাস্তবতা বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

নয়া দিগন্ত অনলাইন
সীমান্ত এলাকা
সীমান্ত এলাকা |সংগৃহীত

আফগানিস্তান সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে ব্রিটিশ বিশেষ দূতের ‘একপেশে’ মন্তব্যকে বাস্তবতা বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

শনিবার (২ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চ মাসে ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির সদিচ্ছা দেখানো হলেও আফগান পক্ষ থেকে সীমান্ত পার হয়ে হামলা ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ একটুও থামেনি।

ব্রিটিশ দূত রিচার্ড লিন্ডসে সীমান্তে সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ জানালেও পরিস্থিতির গভীরতা বুঝতে তিনি ব্যর্থ হয়েছেন বলে মনে করছে পাকিস্তান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদের আসল কারণ এড়িয়ে এমন মন্তব্য কোনোভাবেই বস্তুনিষ্ঠ বা ভারসাম্যপূর্ণ হতে পারে না।

বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের ধৈর্যের সুযোগ নিয়ে আফগান তালেবান এবং তাদের মদতপুষ্ট ভারতের প্রক্সিরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এ সব হামলায় ইতোমধ্যে ৫২ জন পাকিস্তানি নাগরিক শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৮৪ জন। এমনকি, গত শুক্রবার খাইবার পাখতুনখোয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ১৩ জন সন্ত্রাসী নিহত হন।

পাকিস্তান কেবল আত্মরক্ষার স্বার্থে এবং সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সুনির্দিষ্ট পাল্টা হামলা চালিয়েছে। সাধারণ মানুষের হতাহত হওয়ার বিষয়ে আফগানদের করা দাবির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। বরং আফগান তালেবানরা বারবার পাকিস্তানের বেসামরিক জনপদ লক্ষ্য করে গোলাবর্ষণ করছে বলে নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের ত্যাগ এবং সীমান্তের প্রকৃত পরিস্থিতি বুঝতে ব্রিটিশ দূতের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন