ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস জেলার একটি বাজি কারখানায় বৃহস্পতিবার (১৪ মে) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরো ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেওয়াসের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সঞ্জীব জৈন বলেন, ‘দেওয়াসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিক মারা গেছেন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে।’
কর্মকর্তারা জানিয়েছেন, টঙ্ক কালান এলাকার বাজি কারখানাটির মালিক অনিল মালবিয়াকে জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) আওতায় গ্রেফতার করা হয়েছে।
কর্মকর্তাদের মতে, মালবিয়ার বাজির লাইসেন্স স্থগিত করা হয়েছে।
আগুনে আহত তিন শ্রমিককে ইন্ডোরের সরকারি মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব হাসপাতাল পরিদর্শন করেছেন।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি জিতু পাটোয়ারী বলেছেন, কারখানায় তৈরি বাজি অবৈধভাবে কৃষিপণ্যের গুদামে মজুত করা হচ্ছিল এবং কারখানাটিতে ৪০ জনেরও বেশি নাবালক কাজ করত। কারখানার অনিয়ম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে জেলা ম্যাজিস্ট্রেটের অবিলম্বে বরখাস্তের দাবি জানান তিনি।
সূত্র: এনডিটিভি



