আবারো পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বখ্যাত ইসলামী ফকীহ মুফতি মুহাম্মদ তাকী উসমানী। আগামী পাঁচ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২ জুলাই) উর্দু সংবাদমাধ্যম উম্মাহ নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, একইসাথে বোর্ডটির মহাসচিব নির্বাচিত হয়েছেন দেশটির প্রসিদ্ধ আলেম মাওলানা হানিফ জালান্ধরী।
খবর অনুযায়ী, আজ দারুল উলুম করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান বেফাকের কেন্দ্রীয় এজলাসে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে মজলিসে শূরার ৩৬৫ জন সদস্য এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ১ হাজার ১০০ জন শীর্ষস্থানীয় আলেম অংশ নেন।
এর আগে বুধবার দারুল ইফতায় বেফাকের মজলিসে আমেলার ৩২ সদস্যের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি সভাপতি পদে পুনরায় মুফতি মুহাম্মদ তাকী উসমানীর নাম প্রস্তাব করেন। পরে উপস্থিত শূরা সদস্য ও আলেমরা দাঁড়িয়ে হাত তুলে সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব সমর্থন করেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন।
এজলাসে মুফতি তাকী উসমানীর আগমনের সময় উপস্থিত আলেমদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা সম্মিলিতভাবে তাকবির ধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানান।
পাকিস্তানি আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানী আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী আইন, ফিকহ, ইসলামী অর্থনীতি ও উচ্চতর গবেষণায় অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে পরিচিত। তার পুনর্নির্বাচনকে পাকিস্তানসহ আন্তর্জাতিক আলেমসমাজ পাকিস্তান বেফাকের ধারাবাহিক নেতৃত্ব ও দ্বীনি শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।



