ফেসবুকে এক জরুরি বার্তায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আপনার কেউ ভয় পাবেন না। নিশ্চিত থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়ব।’
সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ১টার দিকে তিনি এই বার্তা প্রদান করেন।
কংগ্রেস নেত্রী অভিযোগ করে বলেন, ‘কাউন্টিং অ্যাজেন্ট এবং প্রার্থীরা কেউ কেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম দু-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু-তিন রাউন্ড কাউন্টিং করার পর, প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর-এর নামে ভোট লুট করেছে, যাতে সে আসনগুলোতে জিততে পারে। এখনো ৭০-১০০টি যে আসনে আমরা এগিয়ে আছি, সেটা বলছে না। পুরোটাই মিথ্যা খবর খাওয়াচ্ছে।
তিনি বলেন, ‘আগে ডিআইসিও এই খবরগুলো দিত। কিন্তু গতকাল তাকে চেঞ্জ করে দেয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুরোটাই ইলেকশন কমিশন নিজের মতো করে খেলছে। পুলিশরা মাথানত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।’
কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, ‘আমি সমস্ত পার্টির কর্মী, কাউন্টিং অ্যাজেন্টদের বলব, মন খারাপ করার কোনো কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে। ১৪-১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন।’


