পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১১ জন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা ৬ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পে জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ি ধসে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং আরো ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পিন্ড দাদান খান ও আশপাশের এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তান আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ডেপুটি কমিশনার জানান, পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এলাকায় আরো অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।
ভূমিকম্পটি ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা, মান্দি বাহাউদ্দিনসহ আশপাশের এলাকাতেও অনুভূত হয়।
সূত্র: ডন, জিও নিউজ



