ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের : মোদি

‘গত ৫০ বছরে এটাই প্রথম নির্বাচন যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটের সময় বিশৃঙ্খলা দেখা যায় এবং সহিংসতাও হয়। কিন্তু নির্বাচন কমিশন এবারে তেমনটা হতে দিচ্ছে না।’

নয়া দিগন্ত অনলাইন
কৃষ্ণনগরের জনসভায় নরেন্দ্র মোদি
কৃষ্ণনগরের জনসভায় নরেন্দ্র মোদি |বিবিসি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বিজেপি জিতলে মিষ্টি বিতরণ করা হবে, ঝালমুড়িও বিতরণ করা হবে। শুনেছি ঝালমুড়িও অনেককে ব্যাপক ধাক্কা দিয়েছে। ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের।’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের মাঝেই রাজ্য সফরে এসেছেন মোদি। সেই সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কৃষ্ণনগরে জনসভায় বক্তব্য দিতে গিয়ে রসিকতা করে এ কথা বলেন তিনি।

কৃষ্ণনগরে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে ২৯ এপ্রিল।

সভায় নরেন্দ্র মোদি বলেন, ‘গত ৫০ বছরে এটাই প্রথম নির্বাচন যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটের সময় বিশৃঙ্খলা দেখা যায় এবং সহিংসতাও হয়। কিন্তু নির্বাচন কমিশন এবারে তেমনটা হতে দিচ্ছে না।’

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। তারা পশ্চিমবঙ্গের মাটিতে আরো একবার লোকতন্ত্রের প্রতিষ্ঠা করেছে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বড় কৃতিত্ব রয়েছে। আমি সরকারি কর্মচারীদেরও অভিনন্দন জানাচ্ছি। কারণ তারাও নিজেদের দায়িত্ব পালন করেছেন।’

উল্লেখ্য, দিন কয়েক আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন মোদি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তৃণমূলসহ বিরোধীরা সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করতে ছাড়েনি। কৃষ্ণনগরের সভা থেকে তারই জবাব দিলেন মোদি।

সূত্র : বিবিসি